৩১-আগস্ট-২০২৬
৩১-আগস্ট-২০২৬
Logo
জাতীয়

মহাখালীর খাজা টাওয়ারে আগুন

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিতঃ ২০২৩-১০-২৬ ১৮:৩৬:২৩
...

রাজধানীর মহাখালীর আমতলীর খাজা টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।

শুরুতে ১৪ তলায় আগুন লাগলেও পরবর্তীতে আগুন ১৩ তলায়ও ছড়িয়ে পড়ে। এতে ভবনে থাকা মানুষদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এখন পর্যন্ত আগুনের ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়াস সার্ভিস জানিয়েছে, আগুন যেন আর ছড়িয়ে পড়তে না পারে সেই চেষ্টা করছে ফায়ার ফাইটাররা।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেল ৪টা ৫৮ মিনিটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ৫টা ৭ মিনিটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টাফ কর্মকর্তা (মিডিয়া) শাহজাহান সিকদার।

তিনি বলেন, মহাখালীর খাজা টাওয়ার ১৪ তলা ভবনের ১৩ তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে। ঘটনাস্থলে আরও ইউনিট যাচ্ছে। তবে ঠিক কী কারণে আগুন লেগেছে তা জানা যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

শেষ খবর পাওয়া পর্যন্ত আইএসপিআরের বরাতে জানা গেছে, রাজধানীর মহাখালী খাজা টাওয়ার এর অগ্নিনির্বাপণে ইতোমধ্যে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী ফায়ার সার্ভিসের সহায়তায় যোগদান করেছে।